বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিমগাছের মিষ্টি রস খেতে ছুটছে সাধারণ মানুষ। তবে রসে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা রয়েছে বলছেন চিকিৎসক। উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা গ্রামের বাহাদুর ইসলামের বাড়ির উঠানে এ ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, পথচারী ও গ্রামবাসী অনেকেই ছুটে আসছেন নিমগাছের রস খেতে। অনেকেই নিমগাছের গায়ে ঝুলিয়ে রাখছেন বিভিন্ন পাত্র। বাড়িতে নিয়ে যাবেন স্বজনদের জন্য। সাধারিটোলা গ্রামের রুপালি বেগম বলেন, কয়েকদিন ধরে গ্যাস্ট্রিক ও চুলকানির সমস্যায় ভুগছিলাম। পরে এলাকাবাসীর কাছে এই নিমগাছের সন্ধান পাই। গত চারদিন ধরে এই রস খেয়ে অনেকটা সুস্থ লাগছে। তাই পরিবারের অন্য সদস্যদের জন্য নিতে এসেছি।
আবদুল করিম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সারাজীবন শুনে এসেছি নিমগাছ তেতো হয়। কিন্তু তেতোর পরিবর্তে এই নিমগাছে খেজুরের মতো মিষ্টি রস বের হচ্ছে। এটি খুবই অলৌকিক ঘটনা। তাই স্থানীয় বাসিন্দারা এই রস খাওয়ার জন্য ভিড় করছেন। আমি খেয়ে দেখলাম অনেক মিষ্টি।
হাসান নামে এক বাসিন্দা বলেন, জীবনে অনেকবার খেজুরের রস খেয়েছি। কিন্তু কখনো নিমগাছের রস খাওয়া হয়নি। সকালে নিমগাছে মিষ্টি রস বের হচ্ছে, শুনে খাওয়ার জন্য এসেছি। খেয়ে দেখলাম অনেকটা খেজুরের রসের মতোই।
নিমগাছটির মালিক বাহাদুর ইসলাম বলেন, নিমগাছের পাতা, কাঁচা ফল, বীজ, সবই তেতো। কিন্তু গত কয়েকদিন ধরে গাছটি থেকে রস বের হচ্ছে, তা অত্যন্ত মিষ্টি। খেজুরের রসের মতোই স্বাদ। এজন্য গ্রামের অনেক মানুষ রোগমুক্তির আশায় এ গাছটির রস খেতে আসেন। আমি কাউকেই ফিরিয়ে দিচ্ছি না।
সৈয়দা শরীফ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রভাষক (রসায়ন) শামীম উদ্দিন বলেন, নিমগাছে ছত্রাক ছড়ালে এমন রস বের হতে পারে। এটিতে কোনো ধরণের রোগমুক্তির উপায় নেই। তারপরও এলাকাবাসী সারাদিন এই গাছের রস খাওয়ার জন্য আসছেন। এটি না জেনে তারা খাচ্ছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সামাদ বলেন, এমন ঘটনা অস্বাভাবিক নয়। গাছের ছত্রাক ছড়িয়ে এমন রস বের হতে পারে। এটির কোনো বিশেষ গুণ বা উপকারিতা নেই। নিমগাছের রসের বৈজ্ঞানিক কোনো ওষুধি উপকার নেই। ফলে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা রয়েছে।
ডেস্ক/এমএস