বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সব দল-প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

সব দল-প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অল নিউজ এজেন্সী ডেস্ক : বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতের সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জেনেভা অফিস।

ওএইচসিএইচআর মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনসহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এছাড়া দপ্তরটি শাসনব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে।

জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর নাগরিকদের ও অধিকারভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরামর্শমূলক উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে।

ওএইচসিএইচআর বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহৎ ভোটারগোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।

এ ছাড়া দপ্তরটি রাজনৈতিক ও জনজীবনে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। এক্ষেত্রে প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে এগোতে সম্মত হলে, নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরো বলেন, ‘যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যকর করার পর নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত বিলম্ব হতে পারে।’

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY