রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

জামায়াতে ইসলাম স্বাধীনতার বিপক্ষের পরাজিত শক্তি: অধ্যাপক শাহজান মিঞা

জামায়াতে ইসলাম স্বাধীনতার বিপক্ষের পরাজিত শক্তি: অধ্যাপক শাহজান মিঞা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: দেশের স্বাধীনতার বিপক্ষের পরাজিত শক্তি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম- এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান মিঞা বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ। আর স্বাধীনতার বিপক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম পুঁটি মাছের মতো- খালি কলস বেশি বাজে। আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণই তাদের জবাব দেবে। আমাদের বিজয় নিশ্চিত।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলাম একটি অশুভ ও গুপ্ত শক্তি। তারা নানা কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সবাইকে সতর্ক থাকতে চাই। জামায়াতে ইসলাম সম্পর্কে সাবধান থাকতে হবে।”

জান্নাতের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, “তারা জান্নাতের টিকিট বিক্রি করছে বলে প্রচার চালাচ্ছে। কিন্তু জান্নাতের মালিক জামায়াতে ইসলাম নয়। জান্নাত তাদের বাপ-দাদার সম্পত্তিও নয়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না-কে জান্নাতে যাবে আর কে যাবে না।”

তিনি আরও বলেন, “তাদের কথাবার্তা শুনলে মনে হয়, দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত। তাহলে নামাজ, রোজা, হজ, জাকাতের আর কোনো প্রয়োজন ছিল না। আমি শাহজাহান, দাড়িপাল্লায় ভোট দিয়ে জান্নাতে চলে যেতে চাই-কিন্তু এসবই ভুয়া কথা ও মানুষকে বিভ্রান্ত করার কৌশল।”

কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম রানা টমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY