রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অল নিউজ এজেন্সী ডেস্ক: বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ‘৪টি নতুন জাহাজ ক্রয়’ শীর্ষক প্রকল্পের জন্য ১.৬৭ বিলিয়ন আরএমবি (আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৩১ লাখ টাকা) সমমূল্যের একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ সুবিধা নিশ্চিত করেছে। এই ঋণের মেয়াদ হবে ২০ বছর, যার মধ্যে প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে।
রোববার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনা এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি শিগগির স্বাক্ষরিত হবে। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৪টি নতুন জাহাজ, ২টি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার কেনা হবে।
এগুলো বিএসসির অপরিশোধিত তেল এবং প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিতকরণে অবদান রাখবে।
ডেস্ক/এমএস