মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বিএনপিপন্থী এক মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা দিয়েছেন আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধারা। এতে অনুষ্ঠান পণ্ড হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন।
এ সময় উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর কথা বলার সুযোগ পাইনি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন তাকে বাধা দেন। বিএনপিপন্থী হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।
এদিকে বজলুর রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের আহমেদ সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান শেষ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি।