মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ‘মডেলিয়ান প্রিমিয়ার লীগ-২০২৬’ সম্পন্ন

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ‘মডেলিয়ান প্রিমিয়ার লীগ-২০২৬’ সম্পন্ন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রিকেট টুর্নামেন্ট ‘মডেলিয়ান প্রিমিয়ার লীগ-২০২৬’ (সিজন-৫) সফলভাবে সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে এই জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: তৌফিক আজিজ।

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: হুমায়ুন কবির।

এবারের সিজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মোট ২৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সবচেয়ে পুরনো ব্যাচ হিসেবে ‘আমরাই সেরা ১৯৯৪’ এবং সর্বশেষ ব্যাচ হিসেবে ‘২০২৫’-এর শিক্ষার্থীরা অংশ নিয়ে মাঠ মাতান।

দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফাইনালে ‘মডেলিয়ান ২০০৮’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘আনস্টপেবল-২০২২’। টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ২০০৮ ব্যাচের ইমতিয়াজ উদ্দিন। এছাড়া সুশৃঙ্খল ও নান্দনিক খেলার স্বীকৃতিস্বরূপ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ লাভ করে ‘ট্রেমেন্ডাস-১০’।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এসএসসি ২০১২ ব্যাচের মো: আতিক জাহিদ রিজন এবং সদস্য সচিব ছিলেন একই ব্যাচের মো: কামরুল হাসান রানা। প্রশাসনিক দায়িত্বে ছিলেন মো: শহিদুল্লাহ কায়সার সাগর (২০১২ ব্যাচ) সহ আরও অনেকে।

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্পন্সররা বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সমাপনী বক্তব্যে টুর্নামেন্টের আহ্বায়ক মো: আতিক জাহিদ রিজন সফল আয়োজনে সহযোগিতার জন্য অতিথি ও স্পন্সরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং প্রাক্তনদের এই মেলবন্ধন বজায় রাখায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY