রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

আইজিপি বাহারুল আলমের পদত্যাগ নিয়ে গুঞ্জন

আইজিপি বাহারুল আলমের পদত্যাগ নিয়ে গুঞ্জন

অল নিউজ এজেন্সী ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন খবরও এখন মুখে মুখে।

পুলিশের কয়েকটি সূত্র এমন তথ্যের কথা বললেও আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও কিছু গণমাধ্যমে আইজিপি বলেছেন এমন খবরের সত্যতা নাই।

পুলিশের একটি সূত্র বলছে, সকালে পুলিশ সদরদপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এর আগে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়।

এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY