শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী- মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট পেলে একজন প্রার্থী তার জামানত রক্ষা করতে পারেন। তবে এ নির্বাচনে ১০ জন প্রার্থীই নির্ধারিত এই সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে, জেলার তিনটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২,২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১,০৮৩ ভোট এবং ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮,১৭৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১,০৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ফজলুর ইসলাম খান সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।