শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রাজধানীতে ঈদের আগের দিন ঝড়-বৃষ্টি

রাজধানীতে ঈদের আগের দিন ঝড়-বৃষ্টি

অল নিউজ এজেন্সী ডেস্ক: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি কখনো ভারি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে দমকা হাওয়া। এ ধারা আগামীকাল ঈদের দিনসহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন শোনা যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY