বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদ্যালয়ে অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফের চাল বিতরণ করেছেন কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক। ঘটনাটি ঘটেছে কানসাট মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে। সোমবার সকালে মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিজিএফের চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান। পরীক্ষা চলাকালে ভিজিএফের চাল বিতরণ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমরা এই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে এসেছি। কিন্তু আমাদের অর্ধ বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফের চাল বিতরণ করায় উচ্চ বিদ্যালয়ের ভিতরে অনেক মানুষের ভিড় জমে। এতে মানুষের জনসমাগম হওয়ায় শব্দে পরীক্ষায় বসে ঠিক মতো লিখতে পারছিলাম না। অনেক কষ্টে পরীক্ষা শেষ করে বের হয়েছি। এদিকে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের মেয়েদের পড়াশোনা ও নিরাপত্তার করার জন্য বালিকা বিদ্যালয়ে ভর্তি করেছি। কিন্তু আজকে সোনামণিদের অর্ধ বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফের চাল বিতরণ করেছেন বর্তমান চেয়ারম্যান। যা আমাদের হতবাক করেছে। এবিষয়ে কানসাট মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল বলেন, আমার বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা চলামান। কিন্তু কানসাট ইউপি চেয়ারম্যান আমার কাছে এসে বিদ্যালয়ের কিছু অংশ ব্যবহার করার জন্য জানায়। আমি চেয়ারম্যানের সম্মানে বিদ্যালয়ের এক অংশ ব্যবহার করতে দিয়েছি। কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউর মূলক বলেন, ইউপি চত্বরে জায়গার সংকুলান না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিদ্যালয় চত্বরে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, কানসাটে ৫ হাজার ৪’শ ৭০ পরিবারের মাঝে ভিজিএফের এসব চাল বিতরণ করা হবে।