বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ফেনী সংবাদদাতা: ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরশুরাম পৌর এলাকার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়া ছেলে মিল্লাত হোসেন (২১) ও একই গ্রামের গাছি মিয়ার ছেলে মো. লিটন (৩২)। মিল্লাতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান। আহত ব্যক্তি হলেন- আফছার (৩১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের ভেতরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, লিটন ও আফছার। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাশপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে ও লিটনের লাশ দেশে আনার কার্যক্রম অব্যহত রয়েছে।
ডেস্ক/এমএস