শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

৩ আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি : নাহিদ

৩ আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি : নাহিদ

ঠাকুরগাঁও সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে তার দল। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। ’

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রায় এক পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না। নতুন দেশ গড়বো, যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে।

তিনি বলেন, আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের। নতুন বাংলাদেশে থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।

তিনি আরো বলেন, আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্যকোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY