শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

অল নিউজ এজেন্সী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, তখন সেটা দেখা যাবে।

এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। এখানে আইনের বাইরে আমাদের কাজ করা সম্ভব না।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন।

নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY