মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে গোলাম আজম (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। গ্রেপ্তার আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
তিনি আরও জানান, রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী।