সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টর চাপায় ইমন আলী নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রীজের উপরে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে কর্ণখালী ব্রীজের উপরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইমন আলী।
এ সময় মির্জাপুর থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।