বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
অল নিউজ এজেন্সী ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
সীমান্তের ওপার থেকে যুবকের পরিচয় শনাক্ত করেছেন এলাকাবাসী। তার নাম জাকারিয়া (২৩)। তিনি উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ওপারে ওই যুবকের লাশের খবর পান পরিবারের সদস্যরা।
জানা যায়, দুপুরে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তের ১২৫৮ মেইন পিলারের ২০ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ পাওয়া গেছে এমন খবর আসে। বিষয়টি স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে জানায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ পাওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে।
নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দ্রুতই আইনি জটিলতা কাটিয়ে লাশ নিয়ে আসবো। যেহেতু সীমান্তের ওপারে তাই লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সিও লে. কর্নেল মো. নাজমুল হক জানান, শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে এক যুবকের লাশ পাওয়া গেছে। আমরা বিএসএফকে অবগত করেছি। বিএসএফ তাদের পুলিশকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ফিরিয়ে আনা হবে। তবে কী কারণে তিনি সীমান্তের ওপারে গিয়েছে তা জানা সম্ভব হয়নি।
ডেস্ক/এমএস