সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে শনিবার জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের প্রায় ৮ হাজার নেতা কর্মী অংশ নিবেন-এমনটাই জানিয়েছেন জেলার শীর্ষ নেতারা। দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে- প্রায় ১৬ বছর পর ঢাকায় স্বরণকালের জনসভা হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
দীর্ঘদিন পরে ঢাকায় সমাবেশে যোগ দিতে শুক্রবার সকাল থেকেই নিজ খরচে ঢাকা রওনা দিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা। এদের মধ্যে কেউ বাসে, কেউ ট্রেনে বা মাইক্রোবাসে রওনা দিয়েছে। আবার অনেকেই ঢাকায় থেকে সমাবেশে যোগ দিবেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবুজার গিফারি বলেন, ঢাকায় সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি বলেন, সমাবেশ সফল করতে চাঁপাইনবাবগঞ্জের সবগুলো উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। যার কারনেই বিপুল সংখ্যক নেতাকর্মীরা ঢাকার পথে রওনা দিয়েছেন।
ডেস্ক/এমএস