শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)। এছাড়া আহত তিনজন হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (২২) ও একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
স্থানীয়রা জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতিকারী ককটেল বানানোর সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, তাদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতলের মর্গে নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোরে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে দুইজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।