বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানের চার যাত্রী প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় মাছবোঝাই ভ্যানের চালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫) পথচারী সোহরাব (৩২) এবং অজ্ঞাত এক ব্যক্তি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।
গাজীপুরের বাসন থানার ওসি মালেক খসরু গণমাধ্যমকে বলেন, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের বাসেরচাপায় প্যাডেলচালিত মাছ বোঝাই ভ্যানের চালক ও মাছ ব্যবসায়ীসহ চার জন প্রাণ হারিয়েছেন।
মহানগরীর উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বলাকা পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হলে তা সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় মাছবোঝাই একটি ভ্যান যাওয়ার সময় পেছন থেকে ঢাকা থেকে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস ভ্যান ও বলাকা বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউনুস, পথচারী সোহরাব এবং অজ্ঞাত এক ব্যক্তি প্রাণ হারান। তবে দুর্ঘটনার পর পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে দাবি করেন তিনি।