বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মমতাজ মহল সাথী (২০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর আবদুস সালামের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মমতাজ মহল সাথী ওই এলাকার গৌরিসংকরপুর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শ্বশুর বাড়িতে সাথীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের বোন তাহেরা খাতুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতের মা শুকতারা বেগম বলেন, আমার মেয়েকে প্রায় সময় নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। পরিকল্পিতভাবে জামাইসহ তার পরিবারের লোকজন আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
এদিকে ঘটনার পরপরই নিহতের স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়েছে। ফলে পলাতক থাকায় তাদের মন্তব্য মেলেনি।
শিবগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেস্ক/এমএস