বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী লালচাঁন (৩১) ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কানসাট বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ কানসাট বাগানবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫০ গ্রাম হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী লালচাঁন ডাকাতকে আটক করে।
তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশের এলাকায়, ছিনতাই ডাকাতি, চুরি ও মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। হেরোইন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে জানিয়েছে স্থানীয়রা।
ডেস্ক/এমএস