মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন পুলিশি নির্যাতনের অভিযোগ তুলেছেন। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, ২৮ জুন রাতে তাকে খালেআলমপুর ছাইতানতলা এলাকা থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও সদর সার্কেল ইয়াসির আরাফাত শারীরিক ও মানসিক নির্যাতন চালান। পথে বেত্রাঘাত, গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, গালাগালি ও একটি নির্জন ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।
তিনি আরও বলেন, চোখ বাঁধা ও হাতকড়া অবস্থায় দীর্ঘ ১৯ ঘণ্টা ‘আয়না ঘরে’ রেখে নির্যাতন চালানো হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেওয়ার চেষ্টাও চলে। সেখানে ডাক্তার নির্যাতনের চিহ্ন দেখলেও ওসি মতিউর রহমান বিষয়টি অস্বীকার করে তাকে হুমকি দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন নারী, আমার গায়ে পুরুষ পুলিশ কর্মকর্তা হাত তুলেছে। এটা শুধু আমার নয়, দেশের সব নারীর জন্য অবমানজনক।
তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন তার বোন আফরোজা ও ভুক্তভোগী তাজকেরা বেগমের মেয়ে কমেলা।
যদিও পুলিশ সুপার রেজাউল করিম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা ভিন্নখাতে নিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী শাহনাজ।
ডেস্ক/এমএস