মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নির্বাচনের জন্য যোগ্য কি না, জনগণই নির্ধারণ করবে: মিয়া গোলাম পরওয়ার

ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নির্বাচনের জন্য যোগ্য কি না, জনগণই নির্ধারণ করবে: মিয়া গোলাম পরওয়ার

গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নির্বাচনের জন্য যোগ্য কি না, সেটি জনগণই নির্ধারণ করবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে, যারা ৫ আগস্টের বিদায়ের আগমুহূর্তে মানুষ মেরে মৃত দেহকে আগুনে পুড়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, মৃতদেহের ওপর নাচানাচি করতে পারে, তাদের সঙ্গে কখনো গণতন্ত্র যায় না।’

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, ‘গণতন্ত্রবিরোধী এই ফ্যাসিস্ট শক্তি (আওয়ামী লীগ) নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না, এটা আপনারাই নির্ধারণ করবেন। কিন্তু তাদেরই গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে, যাদের রাজনৈতিক আদর্শে গণতন্ত্র আছে। যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, এ দেশের অখণ্ডতা, স্বাধীনতা-সার্বভৌমত্ব কোনো কিছুই নিরাপদ নয়, তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে যিনি যে গণতন্ত্রের কথা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন, শোষণ-জুলুমের-নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের সিঁড়িটা নিজেই ফেলে দিয়েছিলেন। ক্ষমতায় ওঠা ও নামার যে গণতান্ত্রিক পদ্ধতি, সংসদীয় গণতন্ত্রকে নিজেই ভাঙচুর করে চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিলেন। এটা কি গণতন্ত্রের সঙ্গে যায়?’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY