চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন দিগ্রাম ধোঁয়াপাড়া এলাকার মো. আনসারের ছেলে ব্যবসায়ী মো. রাজু (৩০), জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কালীনগর লক্ষীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান (৪৭) ও তাঁর ছেলে শিবগঞ্জের কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী মো. সাগর (২০) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের পাথরপুজা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে ব্যাটারিচালিত রিকশাভ্যান চালক মো. বাবর (২৮)।
জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর উপ-শহর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহসড়কে চঁপাইনবাবগঞ্জ সদরমুখী একটি মোটরসাইকলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু একই এলাকার মো. নাসিরুলের ছেলে মোটরসাইকেল চালক সাগর (২৬)।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের ছত্রাজিৎপুর ইউনিয়নের দশভাইয়াপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শিবগঞ্জ সদরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি পশু খাদ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক মিজানুর ঘটনাস্থলেই নিহত হন। আহত তার ছেলে সাগরকে শিবগঞ্জ পুলিশের গাড়িতে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসারুল ইসলাম তুষার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালক বাদশাকে আটক করেছে। বাবা আহত ছেলের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
অপরদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, সোমবার দুপুর ২টার দিকে গোমস্তাপুরের রহনপুর থেকে আড্ডাগামী আঞ্চলিক সড়কের তেঁতুলতলা নামক স্থানে রহনপুরগামী একটি ধান বোঝাই ট্রাক পেছন থেকে একটি রিকশাভ্যানকে চাপা দিলে ভ্যানচালক বাবর (২৮) ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালককে আটক করে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।