সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুব সমাজকে সর্বশক্তি নিয়োগ করতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারি

যুব সমাজকে সর্বশক্তি নিয়োগ করতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারি

অল নিউজ এজেন্সী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আগামী ১৯ জুলাইয়ের সমাবেশ জাতীয় রাজনীতির গতিপথ ও জনগণের ভাগ্য নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ সমাবেশ সফল করতে যুব সমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।

সোমবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগ আয়োজিত ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন ও সঞ্চালনা করেন সেক্রেটারি হাসানুল বান্না চপল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরীর শূরা সদস্য কলিম, জি এম হাফিজুর রহমান, মহানগর উত্তর যুব বিভাগের সহ-সভাপতি নাসির উদ্দিন খান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক আপু তোরাব পান্না এবং আইন সম্পাদক কবির হোসেন প্রমুখ।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘আমরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। এসব দাবি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন ফিরিয়ে আনা সম্ভব হবে। দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ সমাজ গঠনের পথ প্রশস্ত হবে।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেওয়া, শহীদ পরিবারকে পৃষ্ঠপোষকতা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’ তিনি পিআর ভিত্তিক জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালুর আহ্বান জানান।

জুবায়ের বলেন, ‘দেশে সুশাসনের অভাবেই যুব সমাজের অবক্ষয় ত্বরান্বিত হচ্ছে। একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।’ তিনি যুবকদের উদ্দেশে বলেন, ‘১৯ জুলাই ঘরে বসে থাকার সময় নয়। সবাইকে মাঠে নেমে সমাবেশ সফল করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।’

প্রধান আলোচক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঢাকার অলিগলিতে চাঁদাবাজির যে দৌরাত্ম্য শুরু হয়েছে, তা প্রতিরোধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে যুবকদের সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY