বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের নিবাসীদের নিয়ে ডিসির ঈদ আনন্দ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের নিবাসীদের নিয়ে ডিসির ঈদ আনন্দ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে সরকারি শিশু পরিবারের (বালিকা) পিতৃ-মাতৃহীন নিবাসীদের ঈদ এবার কাটল অন্যরকম এক আমেজে। উৎসবের দিনে বাবা-মায়ের অভাব ভুলিয়ে দিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। পরম মমতায় তিনি ভাগ করে নিলেন ঈদের আনন্দ, মেতে উঠলেন উৎসবের উচ্ছ্বাসে।

ঈদের দিন শনিবার সকালে শহরের স্বরূপনগরে সরকারি শিশু পরিবার চত্বরে নিবাসীদের সঙ্গে ঈদ উদযাপন ও কুশল বিনিময় করেন জেলা প্রশাসক।

সরেজমিনে দেখা যায়, কমলা-সাদা রঙের নতুন পোশাকে সেজেছিল শিশু পরিবারের নিবাসীরা। জেলা প্রশাসক প্রতিটি শিশুর কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দেন।

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাসিমুখের খুদে নিবাসীদের মাঝে জেলা প্রশাসকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ঈদ উপহার ও মিষ্টান্ন।

এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এই শিশুরা আমাদেরই সন্তান। ঈদের আনন্দ যেন তাদের জীবন থেকে হারিয়ে না যায়, সে লক্ষ্যেই আমরা তাদের মাঝে এসেছি।

পরিবারহীন এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের ঈদের আসল সার্থকতা। তারা যেন সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে, সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে আছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

জেলা প্রশাসকের এমন মানবিক ও আন্তরিক উদ্যোগে শিশু পরিবারের নিবাসীদের মাঝে এক আবেগঘন ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY